লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) লটারির মাধ্যমে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রারদের বদলি করা হবে। আইন মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। রবিবার (৪ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে বর্তমানে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে কর্মকর্তাদের বদলি করা হবে।
লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান নিজে উপস্থিত থাকবেন।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষের সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করতে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যেই বদলি প্রক্রিয়ায় লটারির পদ্ধতি চালু করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মন্ত্রণালয়ের প্রত্যাশা, লটারির মাধ্যমে বদলি হলে কর্মকর্তাদের পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং সাব-রেজিস্ট্রি অফিসে সম্পত্তি নিবন্ধনসেবা প্রদানে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে।








