আধুনিকতার সঙ্গে বাড়ছে সামাজিক সমস্যা ও বৈষম্য: জাহিদ হোসেন

মানুষ যত বেশি আধুনিক ও উন্নত হচ্ছে, সমাজে তত নতুন নতুন সমস্যা ও বৈষম্য তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সাধারণ জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও কাজ করার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনার সিএসএস আভা সেন্টারে আয়োজিত বিভাগীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এ সেমিনারের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। অনেকেই মনে করেন, যেকোনো সমস্যায় মন্ত্রণালয়ের দ্বারস্থ হলে তার সমাধান পাওয়া যাবে। কিন্তু সব ধরনের সমস্যা এককভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থারও দায়িত্ব রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, মানুষের চাহিদার যেমন শেষ নেই, তেমনি দায়িত্বে থাকা ব্যক্তিদেরও সেবার মান আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে। সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে উপজেলা, ইউনিয়ন ও মাঠপর্যায়ে সম্প্রসারিত হবে। এ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিবিড় তদারকি নিশ্চিত করা জরুরি।
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি আকস্মিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।
বিজ্ঞাপন
জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বৃদ্ধি এবং পদোন্নতির বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে কিছু অগ্রগতি দৃশ্যমান হয়েছে। তবে আরও উন্নতি করতে হবে, যাতে সেবার মান বাড়ানো যায়।
সেমিনারটিকে সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মুক্ত ও বন্ধুত্বপূর্ণ আলোচনা এবং অংশগ্রহণমূলক মতবিনিময়ের সুযোগ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। এ ধরনের আলোচনার মাধ্যমে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়ের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা. কামরুজ্জামান।
সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার সমাজসেবা দপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।








