Logo

পূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ২৩:১০
পূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) পাঠানো চিঠিতে দোকান মালিক সমিতি জানায়, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা মেনে দীর্ঘদিন ধরে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখছেন ব্যবসায়ীরা। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রভাবে দীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্যে মন্দা বিরাজ করছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবকে কেন্দ্র করে সাধারণত কেনাকাটা বাড়ে। এ কারণে উৎসবের আগে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করেছিলেন।

সংগঠনটি আরও উল্লেখ করেছে, বর্তমানে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হয়েছে। এ অবস্থায় পূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন।

দোকান মালিক সমিতির ভাষ্য, দেশের সংকটকালীন সময়ে জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করে আসছেন। এখন বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি এবং উৎসবকেন্দ্রিক কেনাকাটা বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় নিয়ে দোকান খোলা রাখার সময় বাড়ানোর সুযোগ দেওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ প্রেক্ষাপটে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১০টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি দিতে মন্ত্রণালয়ের সদয় নির্দেশনা চেয়েছে সংগঠনটি। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD