১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি সই করবে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তি আগামী ৭ অক্টোবর ঢাকায় সই হতে যাচ্ছে। এ চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। রাজধানীর একটি হোটেলে বুধবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা চুক্তিতে সই করবেন।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করবেন।
চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিকল্পনা অনুযায়ী, কেনা উড়োজাহাজগুলোর মধ্যে চারটি এ৩৫০-৯০০ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহার করা হবে। অন্যদিকে, ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনার জন্য উপযোগী। এর মাধ্যমে যাত্রী চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটে উপযুক্ত আকারের উড়োজাহাজ ব্যবহারের সুযোগ পাবে বিমান।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনবে বলে জানিয়েছিলেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ১০টি এয়ারবাস কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবরে চুক্তি হবে।’
বিজ্ঞাপন
মন্ত্রী জানান, উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে। সরবরাহ কার্যক্রম ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। তবে এয়ারবাস কেনার চুক্তির মোট বাণিজ্যিক মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি নতুন প্রজন্মের এয়ারবাসও থাকবে। অতীতে বিমানের বহরে এয়ারবাসের উড়োজাহাজ থাকলেও বর্তমানে সংস্থাটির অধিকাংশ জেট উড়োজাহাজ বোয়িংয়ের তৈরি। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার ফলে দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে বহর পরিচালনার সুযোগ তৈরি হবে।
এয়ারবাসের সঙ্গে চুক্তিটি বিমানের বড় বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ। এর আগে বিমান আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজসহ মোট ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছিল।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে ওই পরিকল্পনায় আরও ১১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত হয়। এর মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮। ফলে বিমানের পরিকল্পিত বোয়িং উড়োজাহাজ কেনার সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনাও বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদি ক্রয় পরিকল্পনায় নতুন বোয়িং ও এয়ারবাস উড়োজাহাজের মোট সংখ্যা হবে ৩৫টি। এর মধ্যে ১৯টি ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি উড়োজাহাজ থাকবে।
নতুন উড়োজাহাজগুলো সরবরাহের আগে স্বল্পমেয়াদি সক্ষমতার চাহিদা পূরণে লিজের মাধ্যমে উড়োজাহাজ সংগ্রহের বিষয়টিও বিবেচনা করছে বিমান।
৭ অক্টোবর এয়ারবাসের সঙ্গে চুক্তি সই হলে বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। একই সঙ্গে দীর্ঘদিনের বোয়িংনির্ভর ক্রয় পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে এয়ারবাসের উড়োজাহাজও।








