আজ বিশ্ব শিক্ষক দিবস, শিক্ষকদের অবদান স্মরণের দিন

শিক্ষকদের অবদান, মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি জানাতে আজ ৫ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। শিক্ষা ও জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে প্রতি বছর দিবসটি পালন করা হয়।
বিজ্ঞাপন
১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং কর্মপরিবেশ নিয়ে ১৯৬৬ সালে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থার ঐতিহাসিক সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্তি হচ্ছে এ বছর। তাই এবারের দিবসটি বিশেষ গুরুত্ব বহন করছে।
২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো—‘Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures.’ বাংলায় যার অর্থ—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’।
১৯৬৬ সালের ৫ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে শিক্ষকদের মর্যাদা নিয়ে আয়োজিত বিশেষ আন্তঃসরকারি সম্মেলনে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা যৌথভাবে শিক্ষকদের অধিকার এবং কর্মপরিবেশ সংক্রান্ত সুপারিশ গ্রহণ করে। পরবর্তীতে ১৯৯৪ সালে এই দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
এরপর থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকদের অবদান, পেশাগত অধিকার, মর্যাদা এবং কর্মপরিবেশের বিষয়গুলো সামনে রেখে দিনটি পালন করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকার পাশাপাশি তাদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিয়েও এদিন আলোচনা করা হয়।
বাংলাদেশেও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে এ বছর দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সম্মাননা পাওয়া প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট এবং সম্মাননাপত্র দেওয়া হবে। এর মাধ্যমে বিভিন্ন পর্যায়ে শিক্ষাদানে বিশেষ অবদান রাখা শিক্ষকদের প্রতি রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে।
বিজ্ঞাপন
শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, বরং একটি প্রজন্মের জ্ঞান, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই তাদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টিও বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
বিশ্ব শিক্ষক দিবস সেই দায়িত্ব ও অবদানের প্রতি সম্মান জানানোর পাশাপাশি শিক্ষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের দিন। শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও শক্তিশালী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তাও দেয় দিনটি।








