ঢামেকের বাথরুমে থেকে রক্তাক্ত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমে মরদেহটি পাওয়া যায়।
বিজ্ঞাপন
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পানির পাইপের সঙ্গে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার শরীর রক্তাক্ত ছিল। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, পরিচ্ছন্নতাকর্মীরা বাথরুম পরিষ্কার করতে গিয়ে পানির পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, নিহত নারীর হাত কাটা ছিল, যার কারণে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। মরদেহ উদ্ধারের জন্য শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।








