সরকারি খাতে এআই ব্যবহারে সক্ষমতা ও আস্থা বাড়ানোর আহ্বান

সরকারি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ক্ষেত্রে আস্থা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) ইস্তাম্বুলে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ১২টি অংশগ্রহণকারী দেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এআই এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়। সরকারি সিদ্ধান্ত গ্রহণ, নাগরিক সেবা এবং উন্নয়ন কর্মকাণ্ডে এর ব্যবহার ইতোমধ্যে পরিবর্তন আনছে। তবে দ্রুত এআই গ্রহণের পাশাপাশি এর ব্যবহার দায়িত্বশীল, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে নিশ্চিত করা জরুরি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকারি খাতে এআই ব্যবহারে মানুষের আস্থা তৈরির জন্য স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবকেন্দ্রিক নীতি প্রয়োজন বলে উল্লেখ করেন ফকির মাহবুব আনাম। একই সঙ্গে দক্ষ জনবল তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যকর তথ্য ব্যবস্থাপনা এবং সময়োপযোগী আইনি কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, কোনো একটি দেশের কাছে এআই ব্যবহারের সব ধরনের সমাধান নেই। বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতাই টেকসই প্রযুক্তিগত রূপান্তর নিশ্চিত করতে পারে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান ডিজিটাল বিভাজন যেন ভবিষ্যতের এআই বিভাজনে পরিণত না হয়। এআই যেন নতুন বৈষম্য সৃষ্টি না করে, বরং বিদ্যমান বৈষম্য কমানোর শক্তি হিসেবে কাজ করে। এ জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘এআই সুশাসন: বাস্তব প্রয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বৃহৎ পরিসরে উদ্ভাবন ও বৈশ্বিক সহযোগিতা’ শীর্ষক সম্মেলনটি ৬ ও ৭ অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে।
কোরিয়া প্রজাতন্ত্রের সরকার, আস্তানা সিভিল সার্ভিস হাব, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং তুরস্ক সরকারের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে ককেশাস, মধ্য এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।








