Logo

কর্মসংস্থানের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৮:৪৪
কর্মসংস্থানের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা
ছবি: সংগৃহীত

নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি চলে। এতে প্রায় ৭০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট অংশ নেন। এর আগে সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান শুরু করেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বারবার আশ্বাস ছাড়া কার্যকর কোনো সমাধান পাননি তারা। এবার শুধু আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘বাঁচার মতো বাঁচতে দে, নইলে মোদের বিষ দে’, ‘বিষ আছে রে বিষ আছে, খাওয়াই দে রে, খাওয়াই দে’, ‘ওয়ান টু থ্রি ফোর, সমাজসেবা চাকরি চোর’, ‘আমাদের সংগ্রাম চলছে চলবে’, ‘হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘দাবি আদায় না হলে সমাজসেবা ছাড়বো না’, ‘তারেক জিয়ার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘বিষ আছে রে বিষ দে, নইলে মোদের চাকরি দে’ এবং ‘নিয়োগপত্র ছাড়া, সমাজসেবা ছাড়বো না’।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট শরিফ সোহাগ বলেন, ‘গতকাল থেকে এখানে অবস্থান নিয়েছি। যতক্ষণ না দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না। এর আগে অনেক আশ্বাস দেওয়া হয়েছে। এবার আর কোনো আশ্বাসে কাজ হবে না। আমরা আমাদের অধিকার চাই। আপনারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আর ছিনিমিনি খেলবেন না। নির্বাহী আদেশের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবেই।’

বিজ্ঞাপন

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যসচিব আলিফ হুসাইন বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। গত আট বছর ধরে আমরা আশ্বাস শুনে আসছি। আমরা আর আশ্বাস শুনতে চাই না। আমাদের নির্দিষ্ট কোনো সমাধান না দেওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো। এখানে মরার জন্য এসেছি, দাবি না মানা হলে যাচ্ছি না।’

এর আগে রবিবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। বেলা ১১টায় হাতে বিষের বোতল ও মাথায় সাদা কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন আন্দোলনকারীরা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের দিকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্ষোভ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দীর্ঘদিন ধরে বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছেন। ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ২৫ দিন অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচিও পালন করেছেন।

দাবি পূরণে কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD