চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন অপেক্ষা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের।
বিজ্ঞাপন
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিভিন্ন কারিগরি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয়ের কাজ চলছে।
সূত্রের তথ্য অনুযায়ী, রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে কেন্দ্রটির পূর্ণ উৎপাদন ক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।
পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন ধরে বিভিন্ন কারিগরি পরীক্ষা চালিয়ে কোনো ত্রুটি বা সমস্যা রয়েছে কি না, তা যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে বায়েরা থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করা হতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে আগামী ডিসেম্বরে উদ্বোধনী আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। তবে পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায় ভালোভাবে পরীক্ষা করা হবে। কোনো ধরনের সমস্যা নেই, তা নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কখন উদ্বোধনী অনুষ্ঠানে সময় দিতে পারবেন, সেটিও সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।
বিজ্ঞাপন
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। কেন্দ্রটির পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করে সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।
সেই হিসাবে চলতি বছর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন সম্ভব হলেও রূপপুরের প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে আগামী বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময় লাগতে পারে।








