Logo

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪২
ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ এবং ভোটে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের দুই এজেন্টকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মিরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, তারা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক পোলিং কর্মকর্তার সহায়তায় অনুমতি ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশ করেন এবং সেখানে প্রভাব খাটানোর চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩(২)(বি) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, তিনি স্থানীয় একটি রাজনৈতিক নেতার পরিবারের সদস্য।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোটকেন্দ্রে অনিয়ম বা বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপরাধে তাৎক্ষণিক বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD