শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, আটক ১

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে শহীদ মিনারে গেলে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় এক নেতাকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হন। তারা স্লোগান দিতে দিতে বেদীতে ফুল দেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন: বগুড়ায় এনসিপি নেতা গ্রেফতার
বিজ্ঞাপন
দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফতিয়ার কবীর বাপ্পী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশের দাবি, শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে বিশেষ নজরদারি ছিল। নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠিতভাবে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের চেষ্টা করলে তাদের থামানো হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে গিয়ে দায়িত্বরত পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে একজনকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে অনলাইন প্ল্যাটফর্মে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ বিষয়টিকে রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।








