Logo

বগুড়ায় এনসিপি নেতা গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১২
বগুড়ায় এনসিপি নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের অভিযানের পর শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, সাগর একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দলীয় সূত্রে তার সাংগঠনিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির জেলা পর্যায়ের এক নেতা।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের আগস্ট মাসে রাতে কলেজসংলগ্ন এলাকায় চা পানকালে রুবেল প্রামানিক নামে এক ব্যবসায়ীকে মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি জোর করে অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেলকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করা হয় এবং সঙ্গে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, গত ৩০ আগস্ট ভুক্তভোগী ব্যবসায়ী সাগরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা এবং চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তদন্তের ধারাবাহিকতায় ওয়ারেন্ট জারি হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী এগোবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD