থানায় ঢুকে ওসির ওপর হামলা, ৯ জামায়াত কর্মীদের নামে মামলা

গাইবান্ধার পলাশবাড়ী থানায় প্রবেশ করে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুব জামায়াতের একদল নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় দলটির এক নেতাসহ মোট ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) পলাশবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। অভিযোগে বলা হয়, পৌর এলাকার কালিবাড়ি বাজারে সরকারি বরাদ্দকৃত একটি দোকানঘরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই উত্তেজনার সূত্রপাত।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল ইসলাম পলাশ কয়েকজনকে সঙ্গে নিয়ে লিখিত অভিযোগ দিতে থানায় যান। অভিযোগ জমা দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
আরও পড়ুন: সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক
বিজ্ঞাপন
পরবর্তীতে পলাশ থানার বাইরে গিয়ে আরও সমর্থক ডেকে আনেন বলে অভিযোগ রয়েছে। এরপর ৮ থেকে ১০ জনের একটি দল থানায় প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপসহ পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খানসহ অন্তত আটজন পুলিশ সদস্য আহত হন।
আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ জানান, রাত ১০টার দিকে সাতজন পুলিশ সদস্য চিকিৎসা নিতে আসেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী বলেন, পূর্বের বিরোধকে কেন্দ্র করে থানায় এসে চাপ সৃষ্টি এবং পরবর্তীতে হামলার ঘটনা ঘটে। তিনি এ ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে ওসি মো. সরোয়ার আলম খান বলেন, অভিযোগ গ্রহণ করে তদন্তের আশ্বাস দেওয়া হলেও সংশ্লিষ্টরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চাপ দেন। এতে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়। পরে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
তবে অভিযোগ অস্বীকার করেছে যুব জামায়াতের নেতাকর্মীরা। তাদের দাবি, পুলিশই প্রথমে তাদের ওপর আক্রমণ চালায় এবং এতে তাদের দুইজন আহত হয়েছেন। যুব জামায়াত নেতা পলাশ অভিযোগ করেন, ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।








