Logo

সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীকে গালির অভিযোগ, পুলিশ তদন্তে

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৪ মার্চ, ২০২৬, ২০:১৬
সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীকে গালির অভিযোগ, পুলিশ তদন্তে
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় তেলের সরবরাহ কমে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালি দেওয়ার অভিযোগ উঠেছে মেসার্স গাঙ্গোপাড়া ফিলিং স্টেশনের মালিক সারোয়ার জাহান সবুজের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

গোবিন্দপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফুল ইসলাম হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দান করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় তিনি, ইউনিয়নের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ও আউচপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী আনোয়ার হোসেন মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। তখন পাম্পের মালিক সবুজ তেল নেই জানিয়ে দেন। ফিরে আসার পথে, সবুজ বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল করেন।

বিজ্ঞাপন

তবে সারোয়ার জাহান সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাবা নুরুল ইসলাম নরদাশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আমার রক্তে বিএনপি। আমি কোনো গালাগাল করিনি। তারা চারটি মোটরসাইকেলে মোট ২০ লিটার তেল চাইছিল, যা দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এখন তারা আমাকে এভাবে প্যারা দিচ্ছে যাতে কিছু টাকা-পয়সা আদায় করা যায়। আসলেই আমি গালিগালাজ করিনি। আমি গায়ে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখন তারা মিথ্যা অভিযোগ করছে। আমাদের ভিডিও আছে।

অভিযোগকারী পাম্প মালিকের বক্তব্য অস্বীকার করে বলেন, আমরা তো একটা মোটরসাইকেলেই তিনজন ছিলাম। একটা গাড়িতে ২০ লিটার তেল ধরে না। টাকা দাবি করারও প্রশ্নই ওঠে না। পাম্প মালিক মিথ্যা বলছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পাম্প মালিক আওয়ামী লীগের দোসর। এ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের সময় সবুজ বিএনপি নেতাকর্মীদের মামলাসহ নানাভাবে হয়রানি করেছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, পাম্প মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ এসেছে। এটি ধর্তব্য অপরাধ নয়। তাই আদালতের অনুমতি নিয়ে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রাথমিক তদন্তও শুরু হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD