বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম জিন্নাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির একটি দল ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
এর আগে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সংক্রান্তসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।








