Logo

ভুয়া নিয়োগপত্র নিয়ে বিএমইউতে যোগ দিতে এসে আটক ‘চিকিৎসক’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৬:৩৯
ভুয়া নিয়োগপত্র নিয়ে বিএমইউতে যোগ দিতে এসে আটক ‘চিকিৎসক’
ছবি: সংগৃহীত

ভুয়া প্রজ্ঞাপন ও জাল নিয়োগপত্র ব্যবহার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক পদে যোগ দিতে গিয়ে ধরা পড়েছেন এরফান জামান নুর (৩৫) নামে এক ব্যক্তি, তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) দুপুরে ওই ব্যক্তি হাসপাতালে যোগদানের উদ্দেশ্যে উপস্থিত হলে সন্দেহের সৃষ্টি হয়। পরে হাসপাতাল প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, এরফান জামান নুর নিজেকে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক হিসেবে দাবি করলেও তার পরিচয়ের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি যে পদে যোগ দিতে এসেছিলেন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো পূর্ব ধারণা ছিল না।

বিজ্ঞাপন

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীর কক্ষে অপেক্ষমাণ অবস্থায় তাকে আটক করা হয়। বিষয়টি যাচাই করে দেখা যায়, তিনি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে পরিচালক পদে যোগদানের চেষ্টা করেছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার নামে জাল প্রজ্ঞাপন তৈরি করে তিনি এই নিয়োগপত্র প্রস্তুত করেন। এসব কাগজপত্র নিজেই তৈরি ও সংশোধন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তার প্রকৃত পরিচয়, পেশাগত যোগ্যতা এবং জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD