বিপুল অত্যাধুনিক অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ওসমান গণি ওরফে মনা (৩৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের একটি ভবনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মনার কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, তিনটি একনলা শটগান, পিস্তলের ১১ রাউন্ড তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শটগানের কার্তুজ, একটি চাপাতি এবং একটি সুইচ গিয়ার ছুরি। এছাড়া তার কাছ থেকে নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিয়ে বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তিনি নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলেও তদন্তকারীরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








