পুলিশের তল্লাশি এড়াতে কানে ইয়াবা, অতঃপর অস্ত্রোপচারে উদ্ধার

পটুয়াখালীতে পুলিশের তল্লাশি এড়াতে অভিনব কৌশল হিসেবে কানের ভেতর ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে বিপাকে পড়েছেন নিরব ইসলাম (১৯)। প্রায় ৯ দিন ধরে কানের ভেতরে ওই ট্যাবলেট আটকে থাকার পর তীব্র যন্ত্রণা শুরু হলে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করতে হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসাদুজ্জামান রাজিব সফলভাবে অস্ত্রোপচার করে নিরবের কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট অপসারণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাদকাসক্তি থেকে মুক্ত করতে গত বুধবার (২২ এপ্রিল) নিরবকে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে ভর্তি হওয়ার পর থেকেই তিনি কানে তীব্র ব্যথার অভিযোগ করতে থাকেন। তার অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষ তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠায়।
বিজ্ঞাপন
পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক নিরবের কানের ভেতরে দুটি ট্যাবলেট আটকে থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো বের করা হয়।
নিরব জানান, প্রায় ৯ দিন আগে পকেটে ইয়াবা নিয়ে রাস্তায় হাঁটার সময় সামনে পুলিশের তল্লাশির খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত অন্য কোথাও সরানোর সুযোগ না পেয়ে তিনি ট্যাবলেট দুটি কানের ভেতরে ঢুকিয়ে ফেলেন। বাড়িতে ফিরে বারবার চেষ্টা করেও তা বের করতে ব্যর্থ হন। পরে বিষয়টি পরিবারকে জানালে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু ব্যথা বাড়তে থাকায় শেষ পর্যন্ত তাকে নিরাময় কেন্দ্রে নেওয়া হয়।
বিজ্ঞাপন
চিকিৎসক ডা. আসাদুজ্জামান রাজিব বলেন, কানের ভেতরে বিদেশি বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে রোগী আশঙ্কামুক্ত। তবে এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কানে দীর্ঘদিন কোনো বস্তু আটকে থাকলে স্থায়ী ক্ষতি এমনকি শ্রবণশক্তি হারানোর আশঙ্কাও থাকে।
এদিকে নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী জানান, নিরবকে ভর্তি করার পর থেকেই তার কান দিয়ে তরল বের হচ্ছিল এবং তিনি অসহনীয় ব্যথায় ভুগছিলেন। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে ঘটনার প্রকৃত কারণ জানা যায়, যা সবাইকে বিস্মিত করেছে।








