Logo

জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
২৩ এপ্রিল, ২০২৬, ২০:২৩
জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ
ছবি: সংগৃহীত

রাঙামাটির বরকল উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। হরিণা বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক এ মামলা করেন। একই সঙ্গে নিজের নিরাপত্তা চেয়ে তিনি বরকল থানায় সাধারণ ডায়েরিও করেছেন।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, রবিউল ইসলাম ছাড়াও একই মামলায় আরও একজনকে আসামি করা হয়েছে। অপর আসামি হলেন কলাবুনিয়া গ্রামের মো. নূর হোসেন। তাদের বিরুদ্ধে ব্যবসায়ী মোজাম্মেল হকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ আনা হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালেও একই বিষয়ে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে অনৈতিক দাবি করে আসছিল। সেই দাবি প্রত্যাখ্যান করার পর থেকে তারা ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দিতে থাকে।

অভিযোগ অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে আসামিরা তাদের ফেসবুক আইডি ব্যবহার করে বাদীর বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেয়। সেখানে তাকে চোরাকারবারি ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়। পাশাপাশি সীমান্ত দিয়ে পণ্য পাচার এবং সেগুন কাঠ পাচারের মতো মিথ্যা অভিযোগও প্রচার করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, আসামিরা বাদীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ব্ল্যাকমেইলের চেষ্টা করে। পরে ১০ লাখ টাকা চাঁদা না দিলে আরও আইডি খুলে একই ধরনের প্রচার চালানোর হুমকি দেওয়া হয়।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল আলিম বলেন, অভিযোগ সত্য হলে শাস্তির আওতায় আসতে হবে, আর না হলে এটি মিথ্যা মামলা। তবে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন এবং খোঁজ নিয়ে দেখবেন।

অন্যদিকে মামলার খবর জানার পর আসামিরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং নতুন করে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী মোজাম্মেল হক। এ কারণে তিনি ২২ এপ্রিল বরকল থানায় সাধারণ ডায়েরি করেন।

বিজ্ঞাপন

বরকল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD