Logo

এসএসসি প্রশ্নফাঁস চক্র ভেঙে দিল সিটিটিসি, গ্রেপ্তার ৪

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ১৭:৩৮
এসএসসি প্রশ্নফাঁস চক্র ভেঙে দিল সিটিটিসি, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রশ্নফাঁস চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই চক্রটি প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়িয়ে পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করার চেষ্টা করছিল।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) এবং মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের সময় ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সিটিটিসির সাইবার টিম। এরপর ওই দিন রাতেই ঢাকার আশুলিয়ার জিরাবো-তাঁজপুর এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল বগুড়ার ধুনট থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সালমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই দিনে দিনাজপুরের নবাবগঞ্জ এলাকায় পৃথক অভিযানে মো. মেছবাউল আলম মাহিনকে আটক করা হয়।

এছাড়া গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুসারে ২৪ এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে শাহ শরীফ জিন্দানীর (রহ.) মাজার সংলগ্ন একটি বাড়ি থেকে মো. মহিদুজ্জামান মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে প্রশ্নফাঁস সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এসব ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো আরও বিশ্লেষণ করা হচ্ছে।

সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা মূলত আর্থিক লাভের উদ্দেশ্যে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছিল। এর মাধ্যমে তারা পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ব্যাহত করার অপচেষ্টা চালায়, যা শিক্ষাব্যবস্থার জন্য হুমকি হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD