শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে কারাগারে যুবলীগ নেতা

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমান আলী চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিজ এলাকা চরমার্টিন ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। একই ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলার বাদী ও অন্যান্য আসামির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে চরকালকিনি ইউনিয়নে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে গোল হয়ে দাঁড়িয়ে শপথ নেন। এ সময় তারা দেশের প্রতি আনুগত্য এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
পরদিন ওই শপথের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ফেসবুক অ্যাকাউন্টে প্রায় আড়াই মিনিটের ভিডিওটি প্রকাশ করলে সেটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে অংশগ্রহণকারীদের শপথ পাঠ করতে এবং বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়, যার মধ্যে ছিল দেশপ্রেম, দলীয় নেতৃত্বের প্রতি সমর্থন এবং রাজনৈতিক দাবিদাওয়ার কথা।
বিজ্ঞাপন
এ বিষয়ে কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, ভিডিওটি পুলিশের নজরে আসার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থানীয় এক নেতা নুরুল হুদা চৌধুরী বলেন, তিনি এখনও বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত নন, তবে খোঁজ নিয়ে পরে মন্তব্য করবেন।








