Logo

অস্ত্র-ড্রোনসহ নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৪:৫৮
অস্ত্র-ড্রোনসহ নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি এবং ড্রোনসহ একটি নিষিদ্ধ ‘উগ্রবাদী সংগঠনের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে ডিবির রমনা বিভাগের একটি দল তাদের আটক করে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ডিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রথমে ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে আটক করা হয়। এরপর সকাল ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজের কাছাকাছি এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, কয়েকটি স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, ড্রোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের বই ও লিফলেটও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি সূত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। তারা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গোপন হামলার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ লক্ষ্যে তারা অস্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জাম সংগ্রহ করে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD