বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার

রাজধানীর উত্তরা এলাকা থেকে বাবার সামনে থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে নয় দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল পরিকল্পনাকারী লামীন ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার হওয়া লামীন গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন তার বাবা। এ সময় উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত জোরপূর্বক মেয়েটিকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
বিজ্ঞাপন
ঘটনার পর ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তে নামে পুলিশ।
অভিযানের অংশ হিসেবে শুক্রবার পূবাইল এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানিয়েছে, অপহরণের ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পুরো ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।








