ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বাসা থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রুবেল ও সুমি নামে এক দম্পতিকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী। তিনি স্থানীয় একটি বাসায় নিয়মিত প্রাইভেট পড়াতেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার অধিরল্যাংড়া মোড়–চৌকাপাড়ার বাসিন্দা সুমি খাতুনের মেয়ে মিথীলা (পঞ্চম শ্রেণি)কে পড়াতে সোমবার ওই বাড়িতে যান মরিয়ম বেগম। এরপর তিনি আর নিজ বাড়িতে ফেরেননি। রাতে তার সন্তান সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে মঙ্গলবার সকালে সুমি খাতুন ও তার স্বামী রুবেলের বাড়ি থেকে মরিয়ম বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল।
স্থানীয়দের দাবি, আটক সুমি খাতুনের বিরুদ্ধে আগেও একাধিক নারীকে জুসের মাধ্যমে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ ছিল।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন ওই দম্পতিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।








