Logo

জামায়াত কর্মীর বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের বরাদ্দের চাল উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২১ মে, ২০২৬, ১১:৪৫
জামায়াত কর্মীর বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের বরাদ্দের চাল উদ্ধার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দ করা সরকারি চাল জামায়াতে ইসলামীর এক কর্মীর বাড়ি থেকে উদ্ধার করেছে প্রশাসন। অভিযানে উদ্ধার হওয়া চালগুলো স্থানীয় পৌরসভায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজির ১২ বস্তা চাল এবং অতিরিক্ত ৩০ কেজিসহ মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়। পরে চালগুলো জব্দ তালিকাভুক্ত করে পৌরসভায় জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, উদ্ধার হওয়া চালের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে বিতরণের জন্য সরকারিভাবে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।

এ ঘটনায় অভিযুক্ত জামায়াত কর্মী ও সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান দাবি করেন, প্রতি বছরই ইমাম-মুয়াজ্জিনদের জন্য বরাদ্দ চাল তার বাড়িতে রাখা হয়। এর সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই। তাকে রাজনৈতিকভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, বোয়ালমারী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী বলেন, বিকেলে পৌরসভা থেকে চাল এনে ওই বাড়িতে রাখা হয়েছিল। আগামী সোমবার ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে তা বিতরণের কথা ছিল। পরে প্রশাসন এসে চালগুলো নিয়ে যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD