Logo

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৮:০২
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পদ্মা ব্যাংকের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুদকের অনুমোদন পাওয়া মামলায় আসামি করা হয়েছে—এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম ও মমিনুর রহমানের মামা মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওসার হোসেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন। পরবর্তী সময়ে ওই অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধও সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD