আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ, অনুসন্ধানে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির নতুন কয়েকটি অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ঘুষ, নিয়োগ ও পদায়ন বাণিজ্য, টেন্ডার কমিশন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগগুলো যাচাই করবে সংস্থাটি।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এসব অভিযোগ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে আগে থেকেই অনুসন্ধান চলছে।
তিনি বলেন, নতুন অভিযোগগুলোও কমিশন যাচাই-বাছাই করেছে। এরপর সেগুলোর বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের অনুসন্ধানের সঙ্গে নতুন অভিযোগগুলো যুক্ত করে একইসঙ্গে অনুসন্ধান চালানো হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদক সূত্র জানায়, নতুন অভিযোগগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগে অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়ন বাণিজ্য, বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার থেকে কমিশন নেওয়া এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।








