Logo

বাঁধনের ওপর হামলায় নিন্দা, পাশে থাকার বার্তা আসিফ-সারজিসের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১২
বাঁধনের ওপর হামলায় নিন্দা, পাশে থাকার বার্তা আসিফ-সারজিসের
ছবি: সংগৃহীত

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই ঘটনায় বাঁধনের প্রতি সংহতি জানিয়ে তাঁর পাশে থাকার কথা বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আসিফ মাহমুদ এবং এর আগের রাতে সারজিস আলম নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। সোমবার রাতে পরিবারের সদস্য ও ভাইকে নিয়ে দেশটির একটি পার্কে গেলে তিনি হামলা ও হেনস্তার শিকার হন বলে জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে বাঁধন দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণের কারণেই এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী হিসেবে পরিচয় দিয়েছে বলেও জানান তিনি।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা হিসেবে বাঁধনের ভূমিকা তুলে ধরে তাঁর ওপর হামলার প্রতিবাদ জানান। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের এই হামলা নিন্দনীয়।

বিজ্ঞাপন

জুলাইয়ের আন্দোলনে বাঁধনের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষের অধিকার এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তাঁর ওপর হামলার মধ্য দিয়ে পরাজিত সন্ত্রাসী শক্তির প্রতিশোধ ও ভয়ভীতির রাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা সম্ভব নয়। ইতালির মাটিতে বাংলাদেশের একজন নাগরিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশটির প্রচলিত আইনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাঁধনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে এনসিপির মুখপাত্র বলেন, জুলাইয়ের সহযোদ্ধাদের ওপর যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট।

অন্যদিকে সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে বাঁধনের ভূমিকার প্রশংসা করে তাঁকে নিয়ে গর্ব প্রকাশ করেন। বাঁধনের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

বিজ্ঞাপন

বাঁধনের ওপর হামলাকারীদের কঠোর ভাষায় সমালোচনা করেন সারজিস। তাঁদের ‘খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা না করতে।

শেষে বাঁধনের প্রতি সমর্থন জানিয়ে সারজিস আলম লিখেছেন, ‘আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD