Logo

ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী গুলশানে গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২:০৮
ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী গুলশানে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় সেই তরুণ ও তরুণীকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে র‍্যাব ও ভাঙ্গা থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের র‍্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানা পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাদের নিয়ে ঢাকা ও মুন্সীগঞ্জ এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে ভাঙ্গা থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হলে রাতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে এক তরুণ জনসম্মুখে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ছোটাছুটিতে দুজন আহত হয়। এই সংবাদ প্রচারের পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং ১৮ আগস্ট ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান।

বিজ্ঞাপন

মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক তরুণ ও তরুণী। রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই তরুণকে বলেন, ভাই প্রাইভেটকারটি সাইড করে দাঁড়ান।

এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তরুণ গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এরপর তারা প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডে চলে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিনগত রাতে পুলিশ ও র‍্যাবের একটা টিম ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করি। এরপর আমরা গুলি করা অস্ত্র উদ্ধারের জন্য ঢাকা ও মুন্সীগঞ্জ এলাকায় আসামিদেরকে নিয়ে অভিযান পরিচালনা করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আল্লাহ যদি সহায় থাকে অস্ত্রটি উদ্ধার হলে রাতে ভাঙ্গা থানায় হাজির করা হবে। পরদিন বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD