Logo

খাটের ড্রয়ারে মিলল ১ হাজার পিস ট্যাপেনটাডল, গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৭
খাটের ড্রয়ারে মিলল ১ হাজার পিস ট্যাপেনটাডল, গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ রাজিব বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাজিব বিশ্বাস পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রামচন্দ্রপুর (হাবুলের মাঠ) এলাকার মৃত মানিক বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, তিনি দক্ষিণ রাঘবপুর হযরত আলী জামে মসজিদের পেছনের একটি বাসায় ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দক্ষিণ রাঘবপুর হযরত আলী জামে মসজিদের পূর্ব পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন। পরে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে রাজিব বিশ্বাসকে আটক করেন ডিবি সদস্যরা।

বিজ্ঞাপন

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে খাটের ড্রয়ারে রাখা একটি লাল শপিং ব্যাগের ভেতর থেকে ‘ETADOL 100’ নামের ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে, ১০০টি পাতায় মোট ১ হাজার পিস ট্যাবলেট ছিল, যার ওজন ৪২০ গ্রাম।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব বিশ্বাস জানিয়েছেন, পাবনার বিভিন্ন এলাকা থেকে ট্যাপেনটাডল সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারি বিক্রি করতেন।

এ ঘটনায় রাজিব বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

বিজ্ঞাপন

মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পাবনা জেলা ডিবি পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD