Logo

বাগাতিপাড়ায় কালো জাদুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগাতিপাড়া, নাটোর
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৭
বাগাতিপাড়ায় কালো জাদুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় ‘কালো জাদু’ করার ভয় দেখিয়ে একটি পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন পরিবারের সদস্য মো. আকছেদ আলী।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামের আকছেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আকছেদ আলীর ছেলে মো. সিহাব আলী (২২) অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি বাড়ির সামনে গিয়ে মাহফিলের কথা বলে টাকা চান। সিহাব তাঁদের ২০ টাকা দিলে তাঁরা এক গ্লাস পানি চান। পানি না দেওয়ায় তাঁরা সিহাবকে তাঁর মাকে ডেকে দিতে বলেন।

অভিযোগে বলা হয়েছে, সিহাবের মা বাইরে এলে ওই দুই ব্যক্তি তাঁর ছেলেকে দেখিয়ে ‘কালো জাদু’ করার কথা বলেন। এতে ওই নারী আতঙ্কিত হয়ে পড়লে তাঁরা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে এক গ্লাস পানি এনে তাতে কিছু করার পর ওই পানি পান করতে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

এরপর বাড়িতে থাকা স্বর্ণালংকার এনে ওই পানিতে ডুবিয়ে দিতে বলা হয়। অভিযোগকারীর দাবি, তাঁদের কথায় আকছেদ আলীর স্ত্রী স্বর্ণালংকার এনে পানিতে ডুবিয়ে দেন।

পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সিহাবকে বাইরে থেকে একটি খেজুরের কাঁটা নিয়ে আসতে বলেন। সিহাব বাইরে যাওয়ার পর তাঁর স্ত্রী ও ছোট ছেলেকে ‘হিপনোটাইজ’ করে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে চলে যান বলে অভিযোগ করেছেন আকছেদ আলী।

অভিযোগ অনুযায়ী, এ সময় একটি স্বর্ণের আংটি, একটি চেইন ও এক জোড়া কানের দুল নিয়ে যায় তারা। এসব অলংকারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সিহাব বাড়িতে ফিরে এলে ওই দুই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা স্বর্ণালংকার খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। ওই রাতেই আকছেদ আলী বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

আকছেদ আলী জানান, ঘটনার সাক্ষ্য হিসেবে অভিযুক্তদের ছবি ও ভিডিও ফুটেজ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD