Logo

বেকারি শিল্প রক্ষায় কিশোরগঞ্জে পাঁচ দফা দাবিতে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৭
বেকারি শিল্প রক্ষায় কিশোরগঞ্জে পাঁচ দফা দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

বেকারি শিল্পের কাঁচামালের মূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুতের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজশর্তে ঋণ দেওয়াসহ পাঁচ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের কালীবাড়ি মোড়ের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আটা, ময়দা, চিনি, ভোজ্য তেলসহ বেকারি শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের দাম ধারাবাহিকভাবে বাড়ায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সংকটে পড়েছেন। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুতের উচ্চ ব্যয় যুক্ত হয়ে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে।

তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি বেকারি ব্যবসা টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বড় কোম্পানির সঙ্গে অসম প্রতিযোগিতায় ক্ষুদ্র বেকারিগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকারি প্রণোদনা প্যাকেজ ঘোষণারও দাবি জানান সমিতির নেতারা।

বিজ্ঞাপন

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—আটা, ময়দা, চিনি, ভোজ্য তেলসহ বেকারি শিল্পের কাঁচামালের দাম নিয়ন্ত্রণ; গ্যাস ও বিদ্যুতের বিল যৌক্তিক পর্যায়ে রাখা; ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে সহজ শর্তে ঋণের ব্যবস্থা; বিএসটিআইয়ের লাইসেন্স প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করা এবং ক্ষুদ্র বেকারি মালিকদের জন্য সরকারি প্রণোদনা প্যাকেজ ঘোষণা।

কর্মসূচিতে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি ডা. সাব্বির আহমেদ, সহসভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাসেল এবং উপদেষ্টা সমরেশ চন্দ্র দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ক্ষুদ্র বেকারি শিল্পের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত। তাই উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

এ সময় তারা ‘বেকারি শিল্প রক্ষা করুন, অর্থনীতি রক্ষা করুন, ভোক্তা স্বার্থ রক্ষা করুন’—এই আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD