গুলশানে আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। পরে তারা সেখানে মিছিল করার চেষ্টা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নিলে মিছিলকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। এরপর মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের কাছ থেকে পাঁচটি ককটেলও জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।








