গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক দুই

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টা ঘিরে দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন। পরে তারা মিছিলের চেষ্টা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেন ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
ওসি দাউদ হোসেন জানান, মিছিলে অংশ নেওয়া দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
উত্তরা থেকে গ্রেপ্তার আরও চার
এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
এ সময় তাদের কাছ থেকে মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।








