Logo

চট্টগ্রামে কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযানে আটক ৪৪৫

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১
চট্টগ্রামে কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযানে আটক ৪৪৫
ছবি: সংগৃহীত

কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চালানো এ অভিযানে মোট ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের সম্ভাব্য আড্ডাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাই করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযানে ৩৫৪ জন কিশোরকে থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। এ সময় মুচলেকাও নেওয়া হয়েছে।

অন্যদিকে, অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাইরে মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সন্তানরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি করতে এবং তাদের মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন করা হয়েছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD