Logo

শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫৬
শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব
ছবি: সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র এ-সংক্রান্ত নোটিশ পাঠান। তারিক সিদ্দিকের বক্তব্য গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর ৮৩ নম্বর মামলায় তার বক্তব্য নেওয়ার জন্য তাকে ডাকা হয়েছে। মামলাটি ২০২৫ সালের ২৭ জানুয়ারি করা হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, তদন্তের স্বার্থে তৃতীয় টার্মিনাল প্রকল্পসংক্রান্ত অভিযোগে তারিক সিদ্দিকের বক্তব্য প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারিক সিদ্দিককে তার ঠিকানায় পাওয়া যায়নি। পরে একজন নিরাপত্তাকর্মীর উপস্থিতিতে মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে তার বাসায় নোটিশটি লটকিয়ে জারি করা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, তৃতীয় টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পের কার্যাদেশ এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামকে (এডিসি) দেওয়া হয়েছিল। পরে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে বেআইনিভাবে সাব-কন্ট্রাক্টর হিসেবে যুক্ত করার অভিযোগ করেছে দুদক।

এজাহারে আরও বলা হয়, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার কোটি টাকা করা হয় এবং আসামিরা যোগসাজশে ২৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ মামলায় তারিক সিদ্দিক ছাড়াও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুহিবুল হক, সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমানসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। তালিকায় অ্যারোনেস ইন্টারন্যাশনালের মালিক লুৎফুল্লাহ মাজেদ, ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম, প্রকল্প পরিচালক এ কে এম মাকসুদুল ইসলাম ও সাবেক প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীও রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০২৫ সালের ২৭ জানুয়ারি দেশের তিন বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মোট ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছিল দুদক। এর মধ্যে তৃতীয় টার্মিনাল প্রকল্পসংক্রান্ত মামলাটি একটি। একই সময়ে শাহজালাল বিমানবন্দরের সিএনএস-এটিএম সিস্টেম ও রাডার স্থাপন প্রকল্পে ২০০ কোটি, কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণে ১৫০ কোটি এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকল্পে ২১২ কোটি টাকা দুর্নীতির অভিযোগে আরও তিনটি মামলা করা হয়।

বিজ্ঞাপন

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই তারিক সিদ্দিক, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক চারটি মামলা করে দুদক। তারিক সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় ২৮ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পাশাপাশি তার চারটি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৬০ হাজার ৯৮৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও করা হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD