হানিট্র্যাপের অভিযোগে চাঁদপুরে আটক চার নারী

চাঁদপুর শহরে পুলিশ পরিচয়ে এক চালককে ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে সাইফুল ইসলাম নামে এক চালককে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, সেখানে সাইফুলকে মারধরের পর জোরপূর্বক এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয়। এরপর এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে তাকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চক্রটি বিকাশের মাধ্যমে আট হাজার টাকা এবং তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে নেয়। পরে কৌশলে তিনি এক স্বজনকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ডিবির অভিযান টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।








