Logo

বিমানবন্দরে লাগেজ নিয়ে উত্তেজনা, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় যা আছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৬, ১৪:৩১
বিমানবন্দরে লাগেজ নিয়ে উত্তেজনা, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় যা আছে
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। মামলাটির নম্বর ৬। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে যাত্রীরা লাগেজ পেতে দেরি করায় একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যাওয়া, গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে তার বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিবো’। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আখতারুজ্জামান ও বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে বাধা দিলে আখতারুজ্জামান ক্ষুব্ধ হয়ে তাকে গালিগালাজ এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া সাধারণ যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল ট্রলি থেকে ছুড়ে ফেলে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় আনা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারা উল্লেখ করা হয়েছে। এসব ধারায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগের বিষয় রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD