Logo

পাসপোর্টে বাবার পরিচয় বদলে দেশত্যাগের চেষ্টা, অতঃপর...

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৬, ১৭:২০
পাসপোর্টে বাবার পরিচয় বদলে দেশত্যাগের চেষ্টা, অতঃপর...
ফাইল ছবি

পাসপোর্টে বাবার পরিচয় পরিবর্তন করে দুই তরুণকে মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক চারজন হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ শাবুর মিয়া, আতিকুর রহমান ও নাজমুল ফকির অপু। তাদের মধ্যে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া বয়স্ক এবং আতিকুর রহমান ও অপু তরুণ।

জানা গেছে, বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৬ ফ্লাইটে চারজনের কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। তাদের বোর্ডিং পাসে রাত ৮টায় বোর্ডিংয়ের সময় উল্লেখ ছিল এবং চারজনের আসনও পাশাপাশি ১০ নম্বর সারিতে ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইমিগ্রেশন কর্মকর্তারা পাসপোর্ট যাচাইয়ের সময় আতিকুর রহমানের নথিতে অসংগতি দেখতে পান। তার পাসপোর্টে বাবার নাম হিসেবে মোহাম্মদ হেলাল উদ্দিনের নাম উল্লেখ রয়েছে। মায়ের নাম নাসিমা আক্তার। জরুরি যোগাযোগের ব্যক্তির ক্ষেত্রেও হেলাল উদ্দিনের নাম এবং সম্পর্ক হিসেবে ‘বাবা’ লেখা রয়েছে।

আতিকুরের পাসপোর্টে ঠিকানা হিসেবে শরীয়তপুরের নড়িয়ার নবগ্রামের একটি ঠিকানা দেওয়া হয়েছে। একই ঠিকানা হেলাল উদ্দিনের পাসপোর্টেও উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নাজমুল ফকির অপুর পাসপোর্টে বাবার নাম হিসেবে মোহাম্মদ শাবুর মিয়ার নাম রয়েছে। দুজনের ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার কদমতলীর ৯৯০ পশ্চিম মোহাম্মদবাগ। অপুর জরুরি যোগাযোগের ব্যক্তিও শাবুর মিয়া এবং সম্পর্কের ঘরে ‘বাবা’ উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, তথ্য যাচাইয়ের সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে বিষয়টি অসংগতিপূর্ণ মনে হয়। অভিযোগ রয়েছে, দুই তরুণের পাসপোর্টে তাদের বাবার পরিচয় পরিবর্তন করে হেলাল উদ্দিন ও শাবুর মিয়াকে বাবা হিসেবে দেখানো হয়েছিল। তবে পাসপোর্টের অন্যান্য তথ্য অপরিবর্তিত ছিল।

ইমিগ্রেশন কাউন্টারে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া দুই তরুণকে নিজেদের ছেলে হিসেবে পরিচয় দিয়ে একসঙ্গে দেশ ছাড়ার ছাড়পত্র নেওয়ার চেষ্টা করেন। তথ্যের অসংগতি ধরা পড়ার পর দেশত্যাগের আগেই চারজনকে আটকে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংশ্লিষ্টরা জানান, চারজনের বয়সের তথ্যেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। হেলাল উদ্দিনের পাসপোর্ট অনুযায়ী তার জন্ম ১৯৭৭ সালের ১২ মার্চ এবং আতিকুর রহমানের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি। অন্যদিকে শাবুর মিয়ার জন্ম ১৯৬২ সালের ১৬ ডিসেম্বর এবং অপুর জন্ম ২০০৭ সালের ১২ মার্চ।

বিজ্ঞাপন

বিমানবন্দর সূত্র আরও জানায়, হেলাল উদ্দিন ও শাবুর মিয়ার বিদেশ ভ্রমণের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে দুই তরুণকে কী উদ্দেশ্যে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই ঘটনাটিকে আপাতত মানব পাচারের ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের অপারেশন শাখার বিশেষ পুলিশ সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD