Logo

প্রেমিকার অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ২১:৪৮
প্রেমিকার অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়
ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ইমরান হক স্বাধীন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার ইমরান হক স্বাধীন রংপুর সিটি করপোরেশনের বাহারকাছনা দাওয়াইটারী এলাকার জহুরুল হক বাবলুর ছেলে। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর সঙ্গে ইমরানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ইমরান দীর্ঘদিন ধরে ওই তরুণীকে হয়রানি করেন এবং বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করেন। একপর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে ইমরান তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

বিজ্ঞাপন

পরে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের প্রায় এক বছর পর গত ৫ সেপ্টেম্বর ইমরান তার কাছে থাকা অন্তরঙ্গ ভিডিওগুলো ভুক্তভোগীর এক পরিচিত পুরুষ বন্ধুর হোয়াটসঅ্যাপে পাঠান বলে অভিযোগ উঠেছে। পরে ভিডিওগুলো ভুক্তভোগীর স্বামীর কাছেও পাঠানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওসি অশোক চৌহান জানান, এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ইমরান হক স্বাধীনকে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রবিবার ভোরে তাকে গ্রেফতার করে।

এ সময় অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে। ওই ফোনে ভুক্তভোগীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD