আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। ওই সময় বিচারক নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে ধানমন্ডিতে দুর্বৃত্তরা একাধিক ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকিগুলো অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, আটক চারজনের কাছ থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতির বাসায় চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। আমরা অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করি এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে আটক করেছি।’
আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।








