বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৮১

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগ নেতাসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলার আসামি ৮১ জন।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও মামলার বাদী মো. মাসুদ রানা।
তিনি জানান, সোমবার (২৬ অক্টোবর) থানায় অভিযোগের এজাহার দাখিল করেন তিনি। পরে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও সেমিনার আয়োজনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
এজাহারে বলা হয়, একদল ব্যক্তি দলীয় কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ সময় কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও দলীয় সরঞ্জাম ভাঙচুর করা হয়।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় চেয়ার-টেবিল, ব্যানার, ফেস্টুন, দলীয় নেতাদের ছবি ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার বাদী মো. মাসুদ রানা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের লোকজন দলবদ্ধ হয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। তাঁর দাবি, বিএনপির কিছু নেতাকর্মীর আশ্রয়-প্রশ্রয়ের কারণেই অভিযুক্তরা এমন ঘটনা ঘটানোর সাহস পেয়েছেন। ঘটনার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে তিনি মামলা করেছেন বলে জানান।
বিজ্ঞাপন
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।








