Logo

শাপলা প্রতীক না পাওয়ার কোনো অপশন নেই: সারজিস আলম

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৪ অক্টোবর, ২০২৫, ১৯:৪১
শাপলা প্রতীক না পাওয়ার কোনো অপশন নেই: সারজিস আলম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক পেতে এনসিপির আইনগত কোনো বাধা নেই। গণঅভ্যুত্থান-পরবর্তী বর্তমান নির্বাচন কমিশন ন্যায্যতা বজায় রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনায় এনসিপির জেলা সমন্বয় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীক পেতে এনসিপির আইনগত কোনো বাধা নেই। গণঅভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন কমিশন এসেছে তারা অবশ্যই এ স্বেচ্ছাচারিতা করবে না। আমরা আশা করি অবশ্যই শাপলা প্রতীক পাব, এ প্রতীকেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের মতো একটি প্রতিষ্ঠান তাদের ওপর আমরা আগামীতে আস্থা রাখতে চাই। সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদের যে বৈধ অধিকার শাপলা প্রতীক দিতে পিছুটান বা চাপ অনুভব করে, তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে আস্থা পাওয়া কিন্তু আমাদের কঠিন হয়ে পড়বে।’

বিজ্ঞাপন

শাপলা প্রতীক না পেলে কী করবেন -এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘যদি না পাওয়ার কোনো কারণ নেই। আইনগতভাবে যেহেতু কোনো বাধা নেই, তাই শাপলা প্রতীক আমরা পাবই। না পাওয়ার কোনো অপশন নেই। আমরা এটা আদায় করে নেব। সেটা রাজনৈতিকভাবে বা অন্য যে কোনোভাবে আদায় করে নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে এই এনসিপি নেতা বলেন, ‘নির্বাচনে সারাদেশে প্রার্থী বাছাইয়ের জন্য কাজ করছে এনসিপি। সেজন্য আসনভিত্তিক ও প্রার্থীভিত্তিক বিভিন্ন বিশ্লেষণ করা হচ্ছে। এসব নিয়ে যাচাই-বাছাইয়ে কাজ করছে একটি টিম। অধিকাংশ প্রার্থী হয়তো দলের ভেতর থেকেও হতে পারে, আবার দলের বাইরেও স্থানীয়ভাবে অনেক যোগ্য প্রার্থী রয়েছে তারাও আসতে পারেন।’

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াত বা বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বিএনপি-জামায়াত বা এমন বড় দলে হলেই যে আমরা তাদের সঙ্গে ইলেক্ট্রোরাল কমিটমেন্টে যাব, এমনটা নয়। আগামীর বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে যে দলের কমিটমেন্ট থাকবে সেই দলের সাথে নির্বাচনী ঐক্য হতে পারে এনসিপির। পরিবর্তনের কমিটমেন্টটা তাদের থাকতে হবে।’

জেলা শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ নেত্রকোনা জেলা নাগরিক পার্টির নেতাকর্মীরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD