বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন এবং সেই কারণেই তাকে জীবন পর্যন্ত উৎসর্গ করতে হয়েছে।
বিজ্ঞাপন
কারাগার জীবন থেকেই তার রোগের সূত্রপাত, আর সঠিক চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টন মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দল-মত নির্বিশেষে সবাই এই মহান নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের কঠিন সময়ের নেতৃত্ব দিতে পারেন—এমন প্রত্যাশা করছে জনগণ।
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
বেগম জিয়ার লন্ডন যাত্রা সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা তাকে সুস্থ করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল পৌঁছালে রোববার তাকে লন্ডনে নেওয়া হতে পারে। তবে তিনি আকাশপথে যাত্রা করার মতো শারীরিকভাবে সক্ষম কী না—সে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরাই। তিনি এখনো গুরুতর অসুস্থ, তাই চিকিৎসকদের চূড়ান্ত অনুমতির পরই বিদেশ যাত্রা সম্ভব হবে।
দোয়া মাহফিলে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে এই মহান নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করি, যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।
সূত্র: বাসস








