খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা দেবেন আজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ একাধিক সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময় ও স্থানে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন: এনসিপি থেকে সরে দাঁড়ালেন মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী
তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
একই দিনে দুপুর ১২টায় বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
আরও পড়ুন: ঢাকা-১১ আসনে নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী
এ ছাড়া ফেনী-১ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এ কার্যক্রমের দায়িত্বে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
উল্লেখ্য, এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) দিনাজপুর-৩ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।








