Logo

দেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫৯
দেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের
ছবি: সংগৃহীত

দেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এই বার্তা দেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, দেশ গঠনের দায়িত্ব কেবল বড় কোনো উদ্যোগের মধ্যেই সীমাবদ্ধ নয়। যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী দায়িত্ব নিতে হবে। এমনকি রাস্তায় পড়ে থাকা একটি কাগজ পরিষ্কার করাও দায়িত্বশীলতার অংশ হতে পারে—এই মানসিকতা সবার মধ্যে গড়ে তুলতে হবে।

নেতাকর্মীদের উপস্থিতিতে সৃষ্ট যানজটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেহেতু আজ কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই, তাই সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে সবাইকে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনাদের অবস্থানের কারণে জনচলাচলে বিঘ্ন ঘটছে, যা দায়িত্বশীল আচরণ নয়।

বিজ্ঞাপন

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশে যাত্রা শুরু করে। বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ের কারণে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে তার প্রায় আধা ঘণ্টা সময় লাগে। বিকাল ৪টার দিকে তিনি মূল ফটকে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD