Logo

ঢাকা-১২ আসনে ‘সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৯:২১
ঢাকা-১২ আসনে ‘সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তার দাখিল করা হলফনামা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

হলফনামায় দেখা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনের প্রার্থী হওয়া সত্ত্বেও তারেক রহমানের নিজের নামে কোনো বাড়ি, গাড়ি কিংবা স্থাবর সম্পত্তি নেই। এমনকি তার হাতে কোনো নগদ অর্থও নেই বলে উল্লেখ করা হয়েছে।

আমজনতা দলের সদস্যসচিবের দাখিল করা হলফনামা অনুযায়ী, ঢাকা-১২ আসনের প্রার্থীদের মধ্যে তাকেই ‘সবচেয়ে গরিব’ প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা। পেশায় ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিলেও তার বার্ষিক আয় মাত্র সাড়ে ৪ লাখ টাকা।

হলফনামার উল্লেখযোগ্য তথ্যগুলো হচ্ছে : তার হাতে কোনো নগদ টাকা নেই। ডাচ-বাংলা ব্যাংকে তার নামে জমা আছে মাত্র ৮ হাজার ৮৫৫ টাকা। তার নিজের বা স্ত্রীর নামে এক ভরি স্বর্ণও নেই। শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই, নেই কোনো বিমা পলিসিও। এছাড়া তার নামে কোনো ইলেকট্রনিক পণ্য বা আসবাবপত্রের তথ্য পাওয়া যায়নি।

হলফনামায় দেখা গেছে, তারেক রহমানের নামে কোনো কৃষি বা অকৃষি জমি নেই। এমনকি উত্তরাধিকার সূত্রেও তিনি কোনো সম্পদের মালিক নন। রাজউকের কোনো প্লট বা ফ্ল্যাটও নেই তার নামে।

বিজ্ঞাপন

তবে ইতিবাচক দিক হলো, এই প্রার্থীর কোনো ব্যাংক ঋণ বা অন্য কোনো দায় নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী, তিনি গত বছর মাত্র ৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন।

উল্লেখ্য, ঢাকা-১২ সংসদীয় আসনটি তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর এলাকা নিয়ে গঠিত। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও সমস্যাজর্জরিত এই আসন থেকেই এবার আমজনতা দলের প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামছেন তারেক রহমান।

বিজ্ঞাপন

জেবি/এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD