বিএনপি প্রার্থীকে কাফনের কাপড়সহ চিঠি দিয়ে হুমকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে— এমন বার্তা দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অজ্ঞাত পরিচয় থেকে গত ২৩ ডিসেম্বর ডাকযোগে পাঠানো ওই চিঠির সঙ্গে একটি সাদা কাফনের কাপড়ও সংযুক্ত ছিল। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর নাম উল্লেখ করা হলেও এ গোষ্ঠীর পরিচয় বা অস্তিত্ব সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
চিঠির ভাষ্য অনুযায়ী, শাহজাহান চৌধুরীকে উদ্দেশ করে বলা হয়েছে, তিনি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। অন্যথায় তার জন্য ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তিনি ২৪ ঘণ্টা তথাকথিত ‘কিলিং স্কোয়াডের’ নজরদারিতে রয়েছেন এবং প্রতীকীভাবে তার জন্য কাফনের কাপড় পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে তাকে চিঠিটি পাঠানো হয়েছে। তার দাবি, এলাকায় সক্রিয় কিছু সন্ত্রাসী গোষ্ঠী এ ধরনের হুমকি দিতে পারে। তবে বিষয়টি নিয়ে তিনি সতর্ক রয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, হুমকি দিয়ে তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এতে তিনি বিচলিত নন। তার ভাষায়, চাপ প্রয়োগ করে আমাকে দমিয়ে রাখা যাবে না। মানুষ একবারই মারা যাবে— এটা নিয়ে আমি ভয় পাই না।
এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানিয়েছেন, এ ঘটনায় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের হুমকির ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।








