Logo

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী, প্রধান সমন্বয়ক ইসমাইল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৯:৫৯
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী, প্রধান সমন্বয়ক ইসমাইল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বের ঘোষণা দিয়েছে। কমিটির মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মাহদী আমিন এবং প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, প্রার্থীদের সহযোগিতা এবং অবাধ, সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য বিএনপির সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় দ্রুত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। ক্ষমতা দখলের উদ্দেশ্য নয়, বরং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা দলের লক্ষ্য। ফ্যাসিস্ট শাসন শেষ হলেও দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি; নির্বাচনের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি জানান, দলের পক্ষ থেকে কোনো সরকারি অফিসে ফোন করে কারও মনোনয়নপত্র বাতিল করার চেষ্টা করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের খবর প্রকাশিত হয়েছে, তার সত্যতা যাচাই করে খোঁজ নেওয়ার পরই সেসব বিবেচনা করা উচিত।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে ভোটের অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করবে। বহু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও বিএনপি বিশ্বাস করে, এই নির্বাচন দেশের জনগণের জন্য গ্রহণযোগ্য হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD