বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে গঠিত: ডা. জুবাইদা

বিএনপির রাজনীতি মূলত সুদূরপ্রসারী এবং সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে গঠিত —এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে চলমান সংকটকাল থেকে উত্তরণের একমাত্র পথ হলো সঠিক ও বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা।
তিনি আরও বলেন, সমস্যা যতই জটিল হোক, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব। এখন আমাদের নতুন গৌরবের সূর্যোদয় দেখার সময় এসেছে।
বিজ্ঞাপন
ডা. জুবাইদা রহমান বিএনপির নীতিগত দিক নির্দেশনা তুলে ধরে বলেন, দলের মূলনীতি হবে— “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনগণ এবং সবার আগে বাংলাদেশ।” তিনি মনে করেন, আধুনিক রাজনীতিতে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার চেয়ে জনগণের স্বার্থকে বড় করে দেখা প্রয়োজন।
সমাজে বিদ্যমান বৈষম্য দূর করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, দলের লক্ষ্য হলো সমতা নিশ্চিত করা। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলবে যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।
বিজ্ঞাপন
ডা. জুবাইদা রহমান যুবসমাজের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা সকলকে শ্রমের সঠিক মর্যাদা এবং মেধার প্রকৃত মূল্যায়ন দিতে চাই। মেধাভিত্তিক চাকরির বাজার নিশ্চিত করাই হবে দলের অন্যতম অগ্রাধিকার। শোষণের পরিবর্তে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে আগামীর মূল অঙ্গীকার।
তিনি আরও বলেন, আমরা এমন একটি মানবিক ও জনবান্ধব সমাজ গঠনের স্বপ্ন দেখছি যেখানে নেতার আগে জনগণকে স্থান দেওয়া হবে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দেশের সব স্তরের পেশাজীবী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।








